কমলনগরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু স্বামী আটক
Printed Edition
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের কমলনগরে নুসরাত জাহান সুমাইয়া (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যুকে ঘিরে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের দক্ষিণ চরকাদিরা এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সজিব আহমেদ জয়কে আটক করা হয়েছে।
নিহত সুমাইয়া হাজিরহাট এলাকার আবুল কালাম হায়দারের মেয়ে এবং হাজিরহাট উপকূল সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের জেরে আড়াই বছর আগে আদালতের মাধ্যমে সজিবের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো বলে অভিযোগ পরিবারের।
শুক্রবার বিকেলে সজিব অচেতন অবস্থায় সুমাইয়াকে শ্বশুরবাড়িতে নিয়ে এসে অসুস্থতার কথা বলে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আত্মহত্যার প্রচার চালানো হলে সন্দেহের সৃষ্টি হয়।
নিহতের বাবা আবুল কালাম হায়দার দাবি করেন, স্বামীসহ শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা মিলে শ্বাসরোধে তাকে হত্যা করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।