জিয়ানগর উপজেলার নাম পুনর্বহাল করে গেজেট প্রকাশ

Printed Edition

জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পুনর্বহাল করে গেজেট প্রকাশিত হয়েছে। ১০ মার্চ সরকার ইন্দুরকানী উপজেলার নাম জিয়ানগর পুনর্বহাল করে এই গেজেট প্রকাশ করে।

বিগত চারদলীয় জোট সরকারের সময়ে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর জেলার সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে জিয়ানগর উপজেলা গঠন করার প্রস্তাব করেন। ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পিরোজপুরের এক সফরে এসে জিয়ানগর উপজেলা উদ্বোধন করেন। ২০১৭ সালে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ওই বছরের ৮ ফ্রেব্রুয়ারি জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা নামকরণ করে।

এরপর ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা এর প্রস্তাবে মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৯তম বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে ‘জিয়ানগর’ উপজেলা নামকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, এখন থেকে দাফতরিক কাজকর্ম সব ক্ষেত্রে জিয়ানগর নাম ব্যবহৃত হবে।