মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে বগুড়ায় ব্যাংক-এমএফআই লিংকেজ আঞ্চলিক সেমিনার

Printed Edition

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে বগুড়াস্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্মের (গাক) অডিটরিয়ামে শনিবার ‘ব্যাংক-এমএফআই লিংকেজ আঞ্চলিক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাট জেলায় কর্মরত অথরিটির সনদপ্রাপ্ত ৬৮টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৬টি বাণিজ্যিক ব্যাংক এবং এনবিএফআইয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক ও এমআরএর কর্মকর্তারা সেমিনারটিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে ঋণ সহযোগিতা জোরদারের মাধ্যমে ঋণপ্রবাহ বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ব্যাংক-এমএফআই লিংকেজের গুরুত্ব, প্রতিবন্ধকতা ও উপায় নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের পরিচালক সরদার আল এমরান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এমআরএ’র নির্বাহী পরিচালক মো: নূরে আলম মেহেদি। এছাড়া এমআরএর পরিচালক মোহাম্মদ কামাল হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং সেমিনারটি সঞ্চালনা করেন এমআরএর পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর লিংকেজ প্রতিষ্ঠা করা গেলে তৃণমূল পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি আরো ত্বরান্বিত হবে। এমআরএ এমএফ-সিআইবি এবং ক্রেডিট স্কোরিং বাস্তবায়নের মাধ্যমে একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে কাজ করছে, যেখানে ব্যাংক ও এমএফআই উভয়ই দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে আরো বড় ভূমিকা রাখতে পারবে।’ বিজ্ঞপ্তি।