চট্টগ্রামে দেয়ালের সাথে আছড়ে দুই বছরের ছেলেকে হত্যা, বাবা, দাদি গ্রেফতার

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

মাকে মারতে দেখে কেঁদে উঠেছিল দুই বছরের শিশু আশরাফ বিন সামির। মা শারমিন আক্তারের কাছে ছুটে যায় এবং তার কোলে উঠতে চায়। কিন্তু সামিরের বাবা মো: সজীব শারমিনকে মারধর থামান না। ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে দুই বছরের সামিরকেই ঘরের দেয়ালের দিকে ছুড়ে মারেন। এতে গুরুতর আহত হয়ে সামিরের মৃত্যু হয়।

চট্টগ্রামের বাকলিয়া থানার বউবাজার ওসি মিয়া সড়কে গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে এই পাশবিক ঘটনা ঘটে। ওই রাতেই মৃত্যুর পর শিশু আশরাফ বিন সামিরকে তড়িঘড়ি করে দাফন করা হয়। এদিকে মা শারমিন আক্তার মারধরের জ্ঞান হারানোয় সামিরের মৃত্যু ও দাফনের বিষয়ে মা কিছুই জানতেন না।

পর দিন ৮ এপ্রিল সকালে ছেলের মৃত্যুর বিষয়টি জানতে পেরে স্বামী মো: সজীব (২২) ও শাশুড়ি নুরনাহার বেগমকে (৪০) আসামি করে বাকলিয়া থানায় একটি হত্যামামলা করেন শারমিন আক্তার। পুলিশ জানায়, মামলায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে নগরের বউবাজার এলাকার একটি বাসা থেকে স্বামী মো: সজীব ও শাশুড়ি নুরনাহার বেগমকে গ্রেফতার করে বাকলিয়া থানা-পুলিশ।