নিরপেক্ষতার সুতাও যেন নড়চড় না হয়

বরগুনায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ

Printed Edition

বরগুনা প্রতিনিধি

বরগুনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমকে কঠোর নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ বলেছেন, আপনারা যা করবেন স্বচ্ছভাবে করবেন, জনগণের নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও যেন নড়চড় না হয়। শুক্রবার রাতে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনসহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবার চোখে সব প্রার্থী সমান। এটা শুধু মুখে নয় আমাদের কাজের মাধ্যমে প্রতিফলিত করতে হবে। যদি কেউ ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা বা পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাত প্রদর্শন করেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে। নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে ভোটার, অন্য কেউ নয়।

পোস্টাল ভোটের ব্যাপারে তিনি বলেন, কোনো অবস্থাতে আমরা পোস্টাল ভোটের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি রাখছি না। লাইভ ভেরিফিকেশন ছাড়া কোনো ভোট গ্রহণযোগ্য হবে না। যাতে করে যে ভোটার তিনিই ভোট দিয়েছেন তা যেন নিশ্চিত হয়। ইতোমধ্যে কেউ কেউ নানান ভিডিও ক্লিপ ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছেন। তাই আমরা কোনো ধরনের সুযোগ দিচ্ছি না। যে ভোটার তার খাম-কিউআর কোড স্ক্যান করেননি তার ভোট বাতিল বলে গণ্য হবে। প্রত্যেক ৩০০ ভোটের জন্য একজন পোলিং অফিসার, একজন প্রিজাইডিং অফিসার দেয়া হবে। এর বাইরেও রিটার্নিং অফিসারের চাহিদা অনুযায়ী লোকবল বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পক্ষপাতিত্বের ব্যাপারে কোনো সুযোগ দেয়া হবে না। অত্যন্ত সতর্কভাবে এ কাজ করতে হবে। অন্য সব কেন্দ্রের চেয়ে পোস্টাল ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে হবে বেশি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বরগুনা জেলার ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’-এর সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ। এ সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তাসলিমা আক্তার।

সভায় জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।