এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাকের দাবি

Printed Edition

রয়টার্স

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাকের দাবি করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী ‘হানদালা হ্যাক টিম’। তারা প্যাটেলের কিছু ছবি ও নথি অনলাইনে প্রকাশ করেছে। গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সফলভাবে হ্যাকের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় এখন প্যাটেলের নামও যুক্ত হলো। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, প্রকাশিত তথ্যগুলো সঠিক বলে মনে হচ্ছে।

রয়টার্স এ বিষয়ে জানতে এফবিআইয়ের সাথে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। হ্যাকারদের সাথেও যোগাযোগ করা হয়েছিল, তবে তারাও কিছু জানায়নি। হানদালা নিজেদের ফিলিস্তিনপন্থী হ্যাকার গোষ্ঠী বলে দাবি করে। তবে পশ্চিমা গবেষকদের মতে, এটি ইরান সরকারের সাইবার গোয়েন্দা ইউনিটের ছদ্মনামে পরিচালিত একাধিক গোষ্ঠীর একটি।

এর আগে ১১ মার্চ তারা যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ‘স্ট্রাইকার’ ওয়েবসাইট হ্যাকের দাবি করেছিল। প্যাটেলের ই-মেইলের ফাঁস হওয়া তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। তবে হানদালা যে জিমেইল ঠিকানাটি হ্যাকের দাবি করেছে, সেটির সাথে পূর্বে ফাঁস হওয়া প্যাটেলের ঠিকানার মিল পাওয়া গেছে বলে ডার্ক ওয়েব ইন্টেলিজেন্স ফার্ম ‘ডিস্ট্রিক্ট ৪ ল্যাবস’ জানিয়েছে।