চরবিষয়ক মন্ত্রণালয় দাবিতে কুড়িগ্রামবাসীর পদযাত্রা

Printed Edition

কুড়িগ্রাম প্রতিনিধি

চরবিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠন, চরাঞ্চলের জন্য আলাদা বাজেট বরাদ্দ, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ ১০ দফা দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ। এ উপলক্ষে গত মঙ্গলবার সকালে শহরের ঘোষপাড়ার সিংহ চত্বর থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, অধ্যাপক মোখলেছুর রহমান, অধ্যাপক নাজমুন নাহার বিউটি, বি এম আবুল হোসেন, ইউসুফ হোসেন, অধ্যাপক গোলাম রসুল রাজা, ইয়াসিন আলী ও সাইফুল ইসলাম বাদল।

অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, দেশের লাখো চরবাসী এখনো উন্নয়নের মূলধারার বাইরে রয়েছেন। নদীভাঙন, দারিদ্র্য, বেকারত্ব ও অবকাঠামোগত অনগ্রসরতা চরাঞ্চলের মানুষের নিত্যসঙ্গী।