শ্রীমঙ্গলে মসজিদে সিজদারত বৃদ্ধকে হত্যা, আটক ১

Printed Edition

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে হাফিজ উল্লাহ (৮০) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ ওই গ্রামেরই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের জামাত চলাকালীন হাফিজ উল্লাহ যখন সিজদায় ছিলেন, তখন এক ব্যক্তি আচমকা মসজিদের ভেতরে ঢুুকে তার ওপর হামলা চালায়। হামলাকারী একটি কলম দিয়ে ওই বৃদ্ধের চোখ, মাথা ও মুখে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের দোকান থেকে বাকিতে পণ্য নেয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তিনি আরো জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে পুলিশি তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।