ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব গেলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি সফর।

গতকাল বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি।

সৌদি হজ ও উমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহর আমন্ত্রণে তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে এ সফরে গেলেন তিনি। ৩০ মার্চ হতে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।

ওমরাহ যাত্রীদের সেবা উন্নত করা এবং অধিক সংখ্যক ওমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মাচার পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে এ সভা আয়োজন করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হবে।

এ সফরে ধর্মমন্ত্রী ওমরাহ ফোরামের সভায় অংশগ্রহণ ছাড়াও সৌদি হজ ও ওমরাহমন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হবেন। তিনি এ বছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সাথে পর্যালোচনা সভায় অংশ নিবেন। এ ছাড়া, বাংলাদেশী হজ যাত্রীদের আবাসনের জন্য ভাড়াকৃত হোটেল পরিদর্শন করবেন ধর্মমন্ত্রী। আগামী ৫ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।