এনসিপির মনিরার মনোনয়ন বাতিল আপিলের ঘোষণা

Printed Edition

বিশেষ সংবাদদাতা

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধি অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পার না হওয়ায় জামায়াত জোটের এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো: মঈন উদ্দিন খান। তবে মনিরা ও তার আইনজীবী দাবি করেছেন, ওই আইনের আওতায় মনিরার চাকরির গ্রেড পড়ে না। তারা এই বাতিলের বিরুদ্ধে আপিল করবেন।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল মনিরা শারমিনের কাগজপত্র পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে ওই প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: মনির হোসেনও আইনের ব্যাখ্যা দেন। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটে জামায়াত জোটের ১৩ জন মনোনয়নপত্র জমা দেন, বুধবার বাছাইয়ে ১২ জনের মনোনয়নপত্র বৈধ হয়।

মো: মঈন উদ্দিন খান বলেন, মনিরা শারমিনের চাকরি ছাড়ার মেয়াদ তিন বছর হয়নি। বিধি অনুযায়ী সরকারি চাকরি করলে অবসর নেয়ার তিন বছর পর তিনি নির্বাচনের যোগ্য হবেন। আর ওই আইনেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, ওই আসনটি শূন্য হলে তখন প্রার্থিতা উন্মুক্ত হয়ে যাবে। তখন কোনো জোটের হবে না।

পরে সাংবাদিকদেরকে মনিরা শারমিন বলেন, তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে দশম গ্রেডে চাকরি করতেন। ওই আইন করা হয়েছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য, যারা প্রভাবিত করতে পারেন বিভিন্ন স্তরে। মাত্র দুই বছর চাকরি করে অবসর নিয়েছি। এখানে তিন বছরের বিধান প্রযোজ্য হবে না। কারণ আমি এন্ট্রি পর্যায়ে কর্মরত ছিলাম। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে। আশা করি সেখানে ন্যায়বিচার পাব।