বাঁশখালীতে খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প, অভিযুক্তের ৬ মাস কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

Printed Edition

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে খালের প্রাকৃতিক প্রবাহপথ বন্ধ করে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে মৎস্য প্রকল্প স্থাপনের অভিযোগে শফিকুর রহমান নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত রোববার রাত ১১টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া আদর্শ গ্রামের হুজিত্যাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি চেচুরিয়া আদর্শ গ্রামের খালের দুই পাশের স্বাভাবিক প্রবাহপথ বন্ধ করে খালপাড়ের সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে মৎস্য প্রকল্প গড়ে তুলছিলেন। এতে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

তিনি আরো বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।