নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

Printed Edition
3rd-3
নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

সাংস্কৃতিক প্রতিবেদক

বরেণ্য কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান পরিবেশন, চর্চা ও প্রচারে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা পাচ্ছেন তিনি।

দীর্ঘদিন ধরে নজরুলসঙ্গীতের সাথে নিবিড়ভাবে যুক্ত ফাতেমা তুজ জোহরা। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তিনি নজরুলের গানকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছেন। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে তার পরিবেশনা প্রশংসিত হয়েছে। নজরুলসঙ্গীতের শিক্ষা, পরিবেশনা ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একাধিকবার সম্মানিত হয়েছেন।

একই পুরস্কারের আরেকজন প্রাপক হলেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রশিদুন্নবী। নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে তিনি গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। বাংলা সাহিত্যে নজরুলচর্চাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ফাতেমা তুজ জোহরা বলেন, “অনেক মন খারাপ ছিল, মনে হচ্ছিল, আমি হারিয়ে গেছি। কেউ আমাকে আর খুঁজবে না, চিনবে না, জানবে না। পুরস্কারটা পেয়ে এত সারপ্রাইজড হয়েছি, অনেক ভালো লাগা কাজ করছে। বাংলা একাডেমিকে অনেক ধন্যবাদ।” তিনি আরো জানান, এই স্বীকৃতি তার দীর্ঘদিনের সঙ্গীতসাধনাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে।

আগামী শনিবার বেলা ৩টায় বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।