ঢাবি কলা অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবুল কালাম

Printed Edition

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম সরকার। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করায় পদটি শূন্য হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী, অধ্যাপক ড. আবুল কালাম সরকারকে ১৮ মার্চ থেকে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত সময়ের জন্য ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

অধ্যাপক ড. আবুল কালাম সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। অসামান্য অ্যাকাডেমিক কৃতিত্বের জন্য তিনি ‘অ্যাটর্নি আলমগীর স্বর্ণপদক’ ও ‘ডক্টর আবেদা হাফিজ স্বর্ণপদক’সহ ইউজিসি বৃত্তি লাভ করেন। ২০০৪ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করা এই প্রথিতযশা শিক্ষক ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত স্বীয় বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৮ ও ২০২৫ সালে দুইবার ‘ডিনস অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স’ লাভ করেন। দেশী-বিদেশী জার্নালে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫৩টি এবং তিনি অর্ধশতাধিক আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। এ ছাড়া ইরান সরকারের বৃত্তি নিয়ে উচ্চতর কোর্স সম্পন্ন করা এই গবেষকের একাধিক গ্রন্থ আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে।