ইউক্রেনকে ১৪০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দিচ্ছে ন্যাটো

Printed Edition

আরব নিউজ ও রয়টার্স

আগামী ৭ ও ৮ জুলাই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ইউক্রেনের জন্য একটি বিশাল সামরিক সহায়তা প্যাকেজের খসড়া চূড়ান্ত করা হয়েছে। জোটের রাষ্ট্রদূতদের অনুমোদিত এবং রয়টার্সের পর্যালোচনা করা এক খসড়া ঘোষণাপত্র অনুযায়ী, ২০২৬ সালে ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দেবে ন্যাটোভুক্ত দেশগুলো। এর পাশাপাশি ২০২৭ সালেও অন্তত সমপরিমাণ (৭০ বিলিয়ন ইউরো) সহায়তা বজায় রাখার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সব মিলিয়ে দুই বছরে ইউক্রেনের জন্য ১৪০ বিলিয়ন ইউরোর এই সহায়তার বিষয়টি কার্যকর করতে এখন কেবল জোটের শীর্ষ নেতাদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

আঙ্কারা সম্মেলনের এই খসড়া ঘোষণাপত্রটি ন্যাটোর যৌথ প্রতিরক্ষার প্রতি সদস্য দেশগুলোর অটল অঙ্গীকারের একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় এবং ইউরোপের সুরক্ষায় মার্কিন ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা ও সন্দেহ প্রকাশ করে আসছিলেন, তখন যুক্তরাষ্ট্রসহ জোটের ৩২টি সদস্য দেশের রাষ্ট্রদূতের এই যৌথ সম্মতি বেশ তাৎপর্যপূর্ণ। ঘোষণাপত্রে স্পষ্ট করা হয়েছে, ন্যাটোর ‘অনুচ্ছেদ-৫’ যেকোনো এক সদস্য দেশের ওপর হামলা মানে সবার ওপর হামলা) অনুযায়ী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা অটুট থাকবে। শক্তিশালী ন্যাটোর মাধ্যমে ইউরোপকে আরো শক্তিশালী করা হবে এবং ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি কানাডাও জোটের নিরাপত্তায় আরো বেশি দায়িত্ব কাঁধে নেবে। এ ছাড়া বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে ইরানের হাতে কোনোভাবেই যাতে পারমাণবিক অস্ত্র না যায় এবং হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা অক্ষুণœ থাকে, সেই আহ্বানও জানানো হয়েছে এই খসড়ায়।