পদ্মার ৩০ কেজির কাতল বিক্রি হলো ৬২ হাজারে

Printed Edition

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ধরা পড়া ৩০ কেজি ওজনের কাতল মাছ প্রায় ৬২ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি গতকাল সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মোহনায় জেলে জয়দেব হলদারের জালে ধরা পড়ে।

জেলে জয়দেব জানান, দীর্ঘ প্রতীক্ষার পর ভোরের দিকে জাল টানতেই বড় কোনো মাছের অস্তিত্ব টের পান তারা। পরে ডাঙায় তুললে দেখা যায় ২৯ কেজি ৫০০ গ্রাম ওজনের রুপালি এক কাতল। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের বাজারে নেয়া হয়। সেখানে উন্মুক্ত নিলামে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি দুই হাজার ১০০ টাকা দরে মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটির ছবি ও ভিডিও তিনি ফেসবুকে আপলোড করার কিছুক্ষণের মধ্যেই ঢাকার এক শিল্পপতি এটি কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। সামান্য লাভে তিনি মাছটি ওই শিল্পপতির কাছে পৌঁছে দেন। স্থানীয় জেলেরা জানান, নদীতে আগের মতো বড় মাছের দেখা পাওয়া এখন ভাগ্যের ব্যাপার। অনেক সময় দিনের পর দিন জাল ফেলে অপেক্ষার পর এমন বিশাল মাছের দেখা মেলে।