হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ৫

Printed Edition

নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নতুন জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আরো অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে। সূত্র মতে, উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চরে গতকাল মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।

আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি মেঘনা মোহনায় জেগে ওঠা নতুন চরটির মালিকানা ও ভোগদখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এই চর ঘিরে প্রভাবশালী দু’টি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছিল, যার জেরেই আজকের রক্তক্ষয়ী সংঘর্ষ।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। বর্তমানে ওই চর ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হাতিয়া থানার ওসি বলেন, ‘প্রাথমিকভাবে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

নোয়াখালীর জেলা প্রশাসন জানিয়েছে, চর বন্দবস্তসংক্রান্ত সব কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।