একটি দল দিয়ে সংস্থা তৈরি হয় না : জয় শাহ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে আগে নিরাপত্তার কারণে বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়া এবং পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটকে কেন্দ্র করে এক সময় টুর্নামেন্টের ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে গিয়েছিল। এসব ঘটনা নিয়ে ব্যাপক আলোচন-সমালোচনা হলেও এতদিন চুপ ছিলেন খোদ আইসিসি প্রেসিডেন্ট। এবার সেসব বিষয় নিয়ে মুখ খুললেন আইসিসি বস জয় শাহ।
আইসিসি চেয়ারম্যান বলেন, টুর্নামেন্ট শুরুর আগে অনেক আলোচনা ছিল। কোনো কোনো দল অংশ নেবে কি না এবং বিশ্বকাপ কিভাবে আয়োজন করা হবে। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মুম্বাইয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়। একটি দল দিয়ে কোনো সংস্থা তৈরি হয় না; সব দলের সমন্বয়েই একটি সংগঠন গড়ে ওঠে।’
টুর্নামেন্টের আগে দীর্ঘ আলোচনার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংালাদেশ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। অন্য দিকে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়। আইসিসি চেয়ারম্যান জানান, এবারের বিশ্বকাপ দর্শকসংখ্যার দিক থেকে নতুন রেকর্ড গড়েছে। প্রথমবারের মতো একসাথে ৭.২ মিলিয়ন দর্শক অনলাইনে খেলা দেখেছেন। সামগ্রিক দর্শকসংখ্যাতেও আগের সব রেকর্ড ভেঙেছে। তবে আইপিএলে মোস্তাফিজ ইস্যু ও পর্দার পেছনে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলাতে রাজি করাতে আইসিসির অফিসিয়ালদের দৌড় ঝাঁপ এবং কী কী শর্ত আইসিসি মেনে নিয়েছেন সে ব্যাপারে কোনো কথা বলেননি আইসিসি প্রেসিডেন্ট।