সৌদিতে মিসাইল হামলায় ময়মনসিংহের যুবক নিহত
Printed Edition
ময়মনসিংহ অফিস
সৌদি আরবে মিসাইল হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের গফরগাঁওয়ের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ আল মামুন (৩৫) উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এ সময় কর্মরত অবস্থায় গুরুতর আহত হন মামুন। পরে তাকে দ্রুত স্থানীয় ডা: সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান। গতকাল বুধবার সকালে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনরা জানান, মামুন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। নিহতের মামাতো ভাই শাওন মোড়ল বলেন, ‘সে বাঁচার জন্য লড়াই করছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। আমরা দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’
এদিকে, লাশ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি প্রবাসীদের ঝুঁকিপূর্ণ বাস্তবতা ও সঙ্ঘাতপূর্ণ পরিস্থিতির ভয়াবহতাকে নতুন করে সামনে এনেছে।