সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্যের ডাক চট্টগ্রাম জামায়াত আমিরের

Printed Edition

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমির মো: নজরুল ইসলাম সংবিধান সংস্কারের প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, রাজনৈতিক সঙ্কট কাটাতে সংবিধানকে যুগোপযোগী করার বিকল্প নেই। শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আবদুল জলিল ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো: নজরুল ইসলাম সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু করে তাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে দেরি হলে সঙ্কট আরো ঘনীভূত হবে।” তিনি সতর্ক করে বলেন, দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমানোর চেষ্টা চলছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধারণ করতে হবে। জনগণ এখন অনেক সচেতন, তারা সব ষড়যন্ত্র বুঝতে পারে।” তিনি আরো বলেন, অতীতের মতো গণ-আন্দোলন এড়াতে সরকারকে সংলাপের মাধ্যমে রাজনৈতিক সঙ্কট সমাধানের পথ খুঁজতে হবে।

সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে মহানগরী আমির বলেন, ওয়ার্ডভিত্তিক সংগঠনকে শক্তিশালী করে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। একই সাথে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, মানবতার কল্যাণ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে।

কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ও মাওলানা ইসমাইল হক্কানী। এ ছাড়া সম্মেলনে অ্যাডভোকেট মুহাম্মদ হারুন, আব্দুর রহমান, ইলিয়াস মেম্বার, ডা: মুবিনুল হকসহ স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।