গুম হওয়া স্বামী ইলিয়াস আলীর খোঁজ চাইলেন লুনা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৩ বছরেও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর কোনো খোঁজ না মেলায় জাতীয় সংসদে আবেগঘন কণ্ঠে স্বামীর সন্ধান ও গুমের সুষ্ঠু বিচার দাবি করেছেন তার স্ত্রী ও সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি গুম হওয়া ব্যক্তিদের অবস্থান ও পরিণতি জানার জোর দাবি জানান।

গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনা।

তিনি বলেন, ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ গুম হওয়া ব্যক্তিদের পরিবার আজও জানে না তাদের স্বজনরা কোথায়। ‘আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি প্রায় দেড় বছর; কিন্তু এখনো জানি না আমাদের স্বজনদের পরিণতি কী,’ বলেন তিনি।

স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে তিনি প্রশ্ন রাখেন, গুম হওয়া ব্যক্তিদের বর্তমান অবস্থান ও পরিণতি কী। একইসাথে গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সঙ্কট নিরসন এবং পুনর্বাসনের দাবি জানান।

এ ছাড়া গত ১৭ বছরে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বানও জানান তিনি।

রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে লুনা বলেন, এতে বিগত সময়ের গুম-খুনের চিত্র যথাযথভাবে উঠে এসেছে এবং ভবিষ্যতে এসব নির্মূলে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের নেতৃত্বে দেশে গুম-খুনের অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী এলাকা থেকে বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। এরপর থেকে আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের সময় তাকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছিল।