সাবেক মন্ত্রী আনিসুল হকসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Printed Edition

আদালত প্রতিবেদক

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, আইনজীবী তৌফিকা করিম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো: রাশেদুল কাওসার ভুঞা জীবনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। এ বিষয়ে আবেদন করেন সিআইডি পরিদর্শক মো: আশরাফুল ইসলাম। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদন সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধভাবে ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজি ও মানি লন্ডারিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ১১ জানুয়ারি ভাটারা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিদেশ যাত্রা সীমিত রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।