ছেলেকে খুঁজে পেতে অভিনেত্রী নাসিমা খানের অনুরোধ
Printed Edition
বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের চলচ্চিত্রে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান তার ছোট ছেলে কুশলকে প্রায় দুই মাস আগে তার বর্তমান আবাসস্থল সাভারের নবীনগর এলাকা থেকে হারিয়ে ফেলেছেন। এই দুই মাসে নাসিমা খান বিভিন্ন জনের মাধ্যমে নবীনগর ও তার আশপাশের এলাকায় নানান ভাবে খোঁজখবর নেয়ার চেষ্টা করেছেন, এমন কী সংশ্লিষ্ট থানার কাছেও সহযোগিতা চেয়েছেন; কিন্তু আজ অবধি তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। তাই নাসিমা খান, ভীষণ কষ্ট থেকে আবারো সংবাদমাধ্যমের শরণাপন্ন হয়েছেন যেন তার সিজোফ্রেনিয়ায় ভুগতে থাকা ছোট ছেলেটির খোঁজ কেউ না কেউ দিতে পারেন। নাসিমা খান বলেন,‘ বিগত দুই মাসে কতো কতো জায়গায় যে আমার আদরের কুশলকে খুঁজেছি তা বলে শেষ করা যাবে না। নবীনগর এবং তার আশপাশের সব জায়গায় খোঁজা হয়েছে। আমার নিজের লোকরা খুঁজেছে। পুলিশের সহযোগিতাও চেয়েছি। কিন্তু এই বিষয়ে আসলে আমি কিছুই বলতে চাই না। বিগত দুই মাসে আমার কোনো ঘুম নেই, কুশলের চেহারাটাই বার বার ভেসে উঠে চোখে, শুধু কাঁদি আর আল্লাহর কাছে দোয়া করি যে, আমি তো জীবনে আল্লাহর কাছে কখনো তেমন কিছুই চাইনি। এই প্রথমবার আল্লাহর কাছে মুনাজাত করে চাইছি-আল্লাহ যেন আমার কুশলকে আমার কাছে ফিরিয়ে দেন। ফিরে পেলে আর কোনোদিন তাকে চোখের আড়াল হতে দেবো না। এই দেশের মানুষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, যদি কখনো কোথাও আমার ছেলেকে কেউ দেখেন বা কোনো খোঁজ পান তাহলে যেন আমাদের সাথে যোগাযোগ করেন।’ ঢাকায় জন্ম নেয়া নাসিমা খানের বর্তমান বয়স ৭৬/৭৭। তার গ্রামের বাড়ি বিক্রমপুরে। তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে ‘ যে নদী মরুপথে’,‘ ধারাপাত’,‘ সূর্যস্নান’,‘ কার বউ’,‘ নাচঘর’,‘দুই ভাই’,‘ ঢেউ এর পরে ঢেউ’ , ‘নতিজা’,‘ আম্মা’ এবং উর্দু সিনেমার মধ্যে রয়েছে ‘গীত কাহি সঙ্গীত কাহি’,‘ তানহা’,‘ আযান’,‘ উজালা’,‘ বেগানা’,‘ পরওয়ানা’,‘ ইত্যাদি। নাসিমা খান সিনেমাতে অভিনয়ের পাশাপাশি এক সময় নাটকেও অভিনয় করতেন। যেহেতু পুরান ঢাকার বাসিন্দা তিনি। তাই সাধারণত ঢাকাইয়া ভাষার নাটকগুলোতেই তাকে অভিনয়ে দেখা গেছে। অভিনয়ের জন্য তিনি কোনো রাষ্ট্রীয় সম্মাননা পাননি।