প্রাচীন কবরস্থানের ভেতরে গোপন সুড়ঙ্গ

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

জার্মানির একটি বহু প্রাচীন কবরস্থানের ভেতর মধ্যযুগের একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন প্রতœতাত্ত্বিকরা। এতে বোঝা যাচ্ছে, হাজার হাজার বছর ধরে একই জমি ভিন্ন সময়ে ভিন্ন মানুষ ব্যবহার করেছে। দেশটির রাইনস্টাডট এলাকার কাছে একটি মধ্য নব্যপ্রস্তর যুগের কবরস্থান খননের সময় এই আবিষ্কার হয়। বিষয়টি জানায় স্যাক্সনি-আনহাল্টের স্টেট অফিস ফর হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড আর্কিওলজি (রাষ্ট্রীয় ঐতিহ্য ও প্রতœতত্ত্ব দফতর)। এটা নিয়ে নিউজউইক একটি খবর প্রকাশ করেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কবরস্থানটি খ্রিষ্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে (প্রায় ৬ হাজার বছর আগে) বালবার্গ সংস্কৃতির মানুষ ব্যবহার করত। গত বছরের শেষ দিকে সেখানে খনন কাজ শুরু হয়। ওই এলাকায় বায়ু বিদ্যুৎ টারবাইন বসানোর আগে নিয়ম অনুযায়ী খনন করা হচ্ছিল।

খননের সময় একটি পাথরের স্ল্যাব পাওয়া যায়। প্রথমে প্রতœতাত্ত্বিকরা মনে করেছিলেন, এটি একটি কবরের অংশ। কিন্তু বিস্তারিত পরীক্ষা করে দেখা যায়, এটি আসলে একটি সুড়ঙ্গের প্রবেশপথ।

এই সুড়ঙ্গটি মূল কবরস্থানের প্রায় পাঁচ হাজার বছর পর তৈরি করা হয়। মাটির নিচে তৈরি এই সুড়ঙ্গকে বলা হয় ‘এরডস্টাল’(মধ্য যুগের সরু গোপন সুড়ঙ্গ ব্যবস্থা)। এটি তৈরি করা হয়েছিল লোস মাটিতে (বাতাসে জমা শক্ত সিল্টজাতীয় মাটি)।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, সুড়ঙ্গটি মধ্যযুগের শেষ দিকে নির্মাণ করা হয়। তবে এর সঠিক উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। কেউ কেউ মনে করেন, বিপদের সময় লুকানোর জায়গা হিসেবে এটি ব্যবহার করা হতে পারে। তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এ ছাড়া সেখানে নব্যপ্রস্তর পরবর্তী যুগের কয়েকটি ভাঙাচোরা কবর ও একটি ট্র্যাপিজয়েড আকৃতির গর্তও পাওয়া গেছে। একই জায়গা যুগে যুগে ভিন্ন মানুষ ভিন্নভাবে ব্যবহার করেছে; এই আবিষ্কার সেটা প্রমাণ করে।