কুড়িগ্রামে ৫ জনসহ চার জেলায় নিহত ৮

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক-মিনিবাস সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া ফরিদপুর, ঝালকাঠি ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনজন।

বাসস জানায়, জেলার নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভার বাঁশের তল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হীল জামান

নিহতরা হলেন- ছাদিয়া আক্তার (৭), তার বাবা শামীম মিয়া নুরনবী (২৮) এবং মাইক্রোবাসের চালক লিমন (৩৮)। তাদের সবার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায়।

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া ট্রলিগাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল মরিয়ম আক্তার (১০) নামে এক মাদরাসাছাত্রীর। গতকাল বুধবার সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে মাদরাসায় পড়তে যাওয়ার পথে নগরকান্দা পৌর এলাকার মেসার্স শফিউদ্দিন ফিলিংস্টেশনের সামনে দ্রুত গতির একটি ট্রলিগাড়ির চাকার নিচে পিষ্ট হয় মরিয়ম আক্তার।

মরিয়ম আক্তার উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী এবং নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড়কাজুলী গ্রামের আসাদুজ্জামানের মেয়ে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে মো: জাহিদুল ইসলাম (৩০) নামের এক ট্রলিচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম ছিটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: জাহিদুল ইসলাম উপজেলার আওরাবুনিয়া গ্রামের (৮নং ওয়ার্ড) মো: ইউনুস হাওলাদারের ছেলে।

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ সেলিম (৩২)। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া পৌর সদরের শ্রীরামদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।