তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন : নাহিদ ইসলাম

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, একজন বাংলাদেশী নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফিরে আসার অধিকার পুনরুদ্ধার হওয়া গণতন্ত্র পুনঃগঠনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমান ও তার পরিবার দীর্ঘদিন রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছেন এবং তাকে নির্বাসিত জীবন কাটাতে করতে হয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর এমন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যার ফলে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন।

তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ রাষ্ট্র চাই, যেখানে ভবিষ্যতে ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতাকে রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হতে হবে না। বিগত দেড় দশক ধরে অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে দেশ আজ একটি মুক্ত গণতান্ত্রিক যাত্রাপথে প্রবেশ করেছে, যেখানে প্রতিটি নাগরিকের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত ।

তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরো সুসংহত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার সক্রিয় অংশগ্রহণ ফলপ্রসূ হবে।