ধর্ষিত শিশুর মামার পায়ের রগ কেটে দিয়েছে ধর্ষকের বাবা
Printed Edition
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ করায় শিশুটির মামার পায়ের রগ কেটে ফেলেছে ধর্ষকের বাবা।
ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবার দায়ের করা মামলায় গতকাল শুক্রবার দুপুরে অভিযুক্ত মেহেদী হাসানকে (২০) জেল হাজতে পাঠানো হয়েছে। মেহেদী উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পরমতলা গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসা ৮ বছরের শিশুটি গোসল করে বাড়ি ফিরছিল। এ সময় অভিযুক্ত মেহেদী হাসান ওই শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় ডেকে নিয়ে ধর্ষণ করে।
ঘরে ফিরে বিষয়টি তার খালাকে জানালে দ্রুত তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ দিকে ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলা চালান ধর্ষকের বাবা দেলোয়ার হোসেন। তিনি ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মামার পায়ের রগ কেটে দেয়। তাকেও গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো: মাসরুরুল হক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি মামলা হয় এবং শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে মেহেদী হাসানকে কারাগারে পাঠানো হয়।
ওসি আরো জানান, শিশুটির চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষা চলছে। মামার ওপর হামলার ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।