সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সারা দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘ক্লিনলিনেস ড্রাইভ’ বা বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার ‘ডেঙ্গু প্রতিরোধ দিবস’ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মশক নিধন, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে এখন থেকে প্রতি শনিবার এই কর্মসূচি পালিত হবে।
খুলনা ব্যুরো জানায়, খুলনা মহানগরীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ উদ্বোধন করা হয়েছে। ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি চলবে। নিজ নিজ বাড়ির আঙিনা ও ফুলের টব পরিষ্কার রাখার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকারসহ বিএনপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজসংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে, তাই বাড়ির চার পাশ পরিষ্কার রাখা জরুরি। রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, ডেঙ্গুর প্রজননক্ষেত্র ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য। বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।
পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। সকালে লঞ্চঘাট এলাকা থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মদিনা মসজিদ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মো: আবু ইউসুফ ও সিভিল সার্জন ডা: মো: খালেদুর রহমান মিয়াসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিশেষ মশক নিধন অভিযান শুরু হয়েছে। সকালে সার্কিট হাউজ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। মশক নিধনে ড্রেন পরিষ্কার ও লার্ভিসাইড স্প্রে করার পাশাপাশি জনসচেতনতায় মাইকিং করা হয়।