ড্রেসিংরুমের পরিবেশটা ছিল দুঃখের

Printed Edition

বিশ্বকাপের আগে কেপ ভার্দের নাম শুনেছেন ক’জন? অচেনা ছোট্ট দ্বীপ দেশের প্রথমবার বিশ্বকাপ খেলতে আসাই ছিল বিস্ময়ের। সাবেক দুই চ্যাম্পিয়নের গ্রুপ থেকে নকআউটে পৌঁছে যাওয়া ছিল আরেক বিস্ময়। সেই বিস্ময়কেও ছাপিয়ে যাওয়ার খুব কাছে চলে গিয়েছিল তারা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভিত নাড়িয়ে দিয়েছিল দলটি। পরের পর্বে যেতে না পারলেও দলকে নিয়ে ভীষণ গর্বিত তাদের কোচ বুবিস্তা।

র‌্যাংকিংয়ে ৬৭তম স্থানে থাকা এই আফ্রিকান দলটি তাদের প্রথম বৈশ্বিক টুর্নামেন্টে চমক সৃষ্টি করেছে। গ্রুপ পর্বে সাবেক চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ের সাথে ড্র করার পর, তারা বর্তমান শিরোপাধারী র‌্যাংকিংয়ের শীর্ষ দলের বিরুদ্ধে মূল সময়ে হারেনি। অতিরিক্ত সময়ে রোমাঞ্চ জাগিয়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয়।

ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ড্রেসিংরুমের অনুভূতিটা এখন দুঃখের। আমরা দুঃখিত, অবশ্যই আমরা দুঃখিত কারণ আমরা প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি এবং জয়ের একদম কাছাকাছি চলে গিয়েছিলাম। খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছিল, কাঁদছিল। এটি দেখায় যে এই দলের একটি প্রাণ আছে। তারা মর্যাদা এবং সাহসের সাথে বিশ^ চ্যাম্পিয়নদের মোকাবেলা করেছে।’