পাকিস্তানকে জেতালেন ফাহিম আশরাফ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার মাটিতে গতকাল টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান। উদ্বোধনী দিনে প্রথম রোমাঞ্চ ছড়ানো ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে সালমান আলি আগার দল। সংক্ষিপ্ত ভার্সনের এই আসরের প্রথম চ্যাম্পিয়নদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৭ রানে অলআউট হয় ডাচরা। লক্ষ্য তাড়ায় ১১ ওভার শেষে ২ উইকেটে পাকিস্তানের রান ছিল ৯৮। জয়ের জন্য তখন ৫৪ বলে মাত্র ৫০ রান প্রয়োজন ছিল। এতে সহজ জয়ের পাশাপাশি রান রেটও বেশ বাড়িয়ে নেয়ার সুযোগ ছিল পাকিস্তানের। সেখান থেকেই পথ হারিয়ে ফেলে তারা। পরাজয় যখন চোখ রাঙাচ্ছিল, তখনই দলের জয়ে ত্রাতা হয়ে এলেন ফাহিম আশরাফ। শেষ ওভারের ফয়সালায় নেদারল্যান্ডসকে ৩ বল হাতে রেখে ৩ উইকেটে হারায় পাকিস্তান।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে রান তাড়ায় চমৎকার শুরু পাকিস্তানের। প্রথম ওভারে ছক্কা, পরের ওভারে টানা তিন বাউন্ডারির পর তৃতীয় ওভারে আউট হন ঝড়ের গতিতে ১৩ বলে ২৪ রান করা সায়েম আইয়ুব। পাওয়ার প্লের মধ্যে বিদায় নেন সালমান আলি আগাও। এর পর ধুঁকতে থাকা বাবর আজমকে নিয়ে দলকে এগিয়ে নেন সাহিবজাদা ফারহান। ৩১ বলে ৪৭ করে সাহিবজাদা আউট হলেই শুরু হয় বিপর্যয়। এক বল পরই আউট উসমান খান। পরের ওভারেই ১৫ রান নিয়ে সাজঘরে ফেরেন বাবর। মোহাম্মদ নাওয়াজ ও শাদাব খান নামের প্রতি সুবিচার করতে পারেননি। সাত ওভারে ২১ রানে ৫ উইকেটের পতনে জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে ডাচদের।
১৮ ওভার শেষে ৭ উইকেটে ১১৮ রান পাকিস্তানের। ফলে ম্যাচ জিততে ২ ওভারে প্রয়োজন ২৯ রানের। উইকেট বাকি ৩টি। ১৯তম ওভারে লোগান ভ্যান বিকের প্রথম বলে ছক্কা ফাহিমের। পরের বলে লং অনে ম্যাক্স ও’ডাউট ক্যাচ হাতছাড়া। নতুন জীবন পেয়ে পরের তিন বলে আরো দু’টি ছক্কা ফাহিমের। আর শেষ বলে ব্যাটের কানায় লেগে চার। এক ওভারেই ২৪ রান। শেষ ওভারে বাউন্ডারি মেরে ১১ বলে ২৯ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন ফাহিম।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত ছিল নেদারল্যান্ডসের। প্রথম বলে বাউন্ডারির মধ্য দিয়ে শুরু করেন মাইকেল লেভিট। কিন্তু স্পিন আক্রমণে মোহাম্মাদ নওয়াজের প্রথম বলেই আউট হন লেভিট। লং অন সীমানায় দারুণ ফিল্ডিংয়ে বল ভেতরে রাখেন বাবর আজম। আর ছুটে এসে ক্যাচ নেন আফ্রিদি। এর আগেই সালমান মির্জার বলে আউট আরেক ওপেনার ও’ডাউড। সেখান থেকে কিছুটা লড়াই বাস ডি লিড ও কলিন আকারম্যানের। এরপর আবরার আহমেদের বলে আউট ২০ রান করা আকারম্যান। ডি লিড আউট হন নাওয়াজের বলে। সেখান থেকে পথ হারিয়ে ১৯.৫ ওভারে অলআউট হয় নেদারল্যান্ডস। ৩টি উইকেট নেন সালমান মির্জা।