শ্রীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ গার্মেন্ট ভাঙচুর, আহত ১২

Printed Edition

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় একটি গার্মেন্টে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আশপাশের দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে একই গ্রামের দু’টি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন সাবেক জেলা বিএনপির সদস্য ও স্টাইলস্মিথ স্যান অ্যাপারেলসের মালিক পি জাহিদুল ইসলাম এবং অপর পক্ষের নেতৃত্ব দেন স্থানীয় বিএনপি নেতা লিপটন মিয়া।

বিরোধের জেরে বিকেলে লিপটন মিয়ার সমর্থকেরা স্টাইলস্মিথ স্যান অ্যাপারেলস গার্মেন্টে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সোহান, মোহন মল্লিক, সাইফুল, আইয়ুব, শাখাওয়াত, শহিদুল, মানিক, হামীম, শাওন, ফজলু ও রোকেয়া বেগমসহ অন্তত ১২ জন আহত হন।

গার্মেন্ট কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা প্রধান ফটক ভাঙচুর, কাচের জানালা, বৈদ্যুতিক সাবস্টেশন ও জেনারেটর নষ্ট করে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে প্রায় পাঁচ হাজার শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সংঘর্ষের সময় আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট এবং কিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আতিয়ার রহমান সঠিক বিচার দাবি করেছেন। শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।