হামজাকে নিয়ে টেনশন ভিয়েতনাম কোচের
আজ ভিয়েতনাম-বাংলাদেশ ম্যাচ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে ভিয়েতনাম। আসিয়ান অঞ্চলের দেশটির বর্তমান অবস্থান ১০৩ এ। আর বাংলাদেশ আছে ১৮১তে। দুই দলের সর্বশেষ মোকাবেলায় ভিয়েতনাম ৪-০ গোলে হারিয়েছিল লাল-সবুজদের। তা ২০০১ সালে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে। যদিও প্রথম পর্বের ম্যাচ গোলশূন্যতে ড্র হয়েছিল। এর বাইরে ২০০৯ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে ভিয়েতনামের সাথে ২-২ গোলে ড্র করেছিল শফিকুল ইসলাম মানিকের দল। তবে সেটি ভিয়েতনামের মূল জাতীয় দল ছিল না। দীর্ঘ সময় পর আজ আবার মুখোমুখি এই দুই দেশ। ফিফা প্রীতিম্যাচে আসিয়ান অঞ্চলের দেশটির হ্যানয় শহরে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। স্বাগতিক দল ভিয়েতনাম। র্যাংকিং তাদের পক্ষেই কথা বলছে। এর পরও ভিয়েতনাম দলের টেনশন বাংলাদেশকে নিয়ে। কারণ একটাই। লাল-সবুজদের পক্ষে যে খেলবেন হামজা চৌধুরী। তাই কাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও তা উল্লেখ করলেন হোস্ট কান্ট্রির কোচ কিম সাং সিক। তার মতে আমরা হামজাকে নিয়ে সর্তক। তিনি ইংল্যান্ডে খেলছেন। আমাদের ফুটবলারদের নিয়ে তার খেলার ভিডিও নিয়ে বিশ্লেষণ করেছি। চেষ্টা করেছি তার শক্তির উৎস শনাক্তে। সব মিলিয়ে আমাদের টার্গেট জয়।
এশিয়ান কাপ বাছাই পর্বে ভিয়েতনাম সর্বশেষ ম্যাচ খেলবে ৩১ মার্চ। প্রতিপক্ষ মালয়েশিয়া। আর একই দিন বাংলাদেশ সিঙ্গাপুরের মাঠে ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপে বাংলাদেশ ও ভিয়েতনাম দুই দলই সর্বশেষ ম্যাচে জিতেছে। বাংলাদেশ ১-০ গোলে ভারতকে এবং ভিয়েতনাম ২-০ গোল লাওসকে হারিয়েছে। যদিও নিজ মাঠে তারা লাওদের বিপক্ষে ৫-০ গোলে হারিয়েছিল। এ ছাড়া ভিয়েতনাম এই বাছাই পর্বেই নেপালকে ৩-১ গোলে ও ১-০ গোলে পরাজিত করেছিল। গত বছর মার্চে প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে কম্বোডিয়াকে হারের স্বাদ দেয়। লাওস, কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ভিয়েনামের এই অল্প ব্যবধানে জয়টা কিন্তু হাভিয়ার কাবরেরা বাহিনীর জন্য আশা ব্যাঞ্জক। কারণ বাংলাদেশ এর আগে এই লাওসকে ১-০ এবং কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছিল।
তাই বাংলাদেশ দল যদি আজ তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে চলতি বছরটা দারুণ কিছুতেই শুরু হবে। ইংল্যান্ড থেকে তুরস্ক হয়ে পরশু দলের সাথে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। এ ছাড়া শমিত শোম, ফাহামিদুল, তারিক কাজী, জায়ান আহমেদরা আরো আগেই আছেন। এদের নিয়েই আজ ভিয়েতনামের বিপক্ষে লড়াই করবে জামাল ভূঁইয়ারা। তবে বাংলাদেশ দলে নেই তপু বর্মণ ও রাকিব হোসেন। কার্ড সমস্যায় দু’জনই মিস করছেন ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। এই অভাবটা অন্যরা পূরণ করতে পারলেই হলো।
বাংলাদেশ গত বছর ভিয়েতনামের অনূর্ধ্ব-২৩ দলের কাছে ২-০ গোলে হেরেছিল। সেই ম্যাচ দেখেছেন ভিয়েতনাম কোচ সাং সিক। জানান, বাংলাদেশ দল এখন অনেক পরিবর্তিত। প্রবাসী ফুটবলার বেশ কয়েকজন। এ ছাড়া এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে বাংলাদেশ দলের খেলা দেখেছি। আমার বিশ্বাস বর্তমান বাংলাদেশ দলটি আগের চেয়েও শক্তিশালী। ভিয়েতনামের লিগের মান বাংলাদেশের চেয়েও ভালো। এই লিগের খেলোয়াড়রাই ভিয়েতনাম দলের ভরসা। উল্লেখ করলেন কোচ।
অন্য দিকে বাংলাদেশ কোচ কাবরেরার মতে, ভিয়েতনামের বিপক্ষে আমাদের এই ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি পর্ব। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। রয়েছে ব্রাজিল বংশোদ্ভূত হোয়াং হেন এবং স্থানীয় জুয়ান সেন। মানে তারা শক্তিশালী লাইন আপ। এর পরও আমরা তাদের সাথে ফাইট করব। আর হামজা দুই দিন আগে এসে আবহওয়া ও সময় গ্যাপের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছে।’ অধিনায়ক জামালের মতে, এটা আমাদের জন্য কঠিনতম ম্যাচ। তবে বাংলাদেশ যে উন্নতি করেছে- সেটাই দেখাব।