বসুন্ধরা আবাসিকে মদ্যপানে নারীর মৃত্যু

কলাবাগানে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটার থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে অনিপা নিন্দিয়া ভূঁইয়া (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল পান অথবা অ্যালকোহলের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। এ ছাড়া কলাবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার এসআই মোহাম্মদ রায়হানুল ইসলাম সৈকত জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ১০ নম্বর রোডের এইচ ব্লকের ২৯৭ নম্বর বাসার ছয়তলার একটি রুম থেকে অনিপার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়ায় শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, অনিপা অ্যালকোহলে আসক্ত ছিলেন। তার রুম একটি মদের বোতল পাওয়া গেছে। আমাদের ধারণা অ্যালকোহলের বিষক্রিয়া হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত অনিপার গ্রামের বাড়ি, চাঁদপুরের মতলব উত্তর থানার এখলাসপুর গ্রামে বাবার নাম আশফাক ভূঁইয়া।

এ দিকে কলাবাগান ভূতের গলি এলাকায় একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তার মৃত্যু হয়েছে।

কলাবাগান থানার এসআই মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ভূতের গলি গার্ডেন হাউস ৬৯ নম্বর বাসা থেকে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি ওই বাসায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।