ওসাসুনাকে হারিয়ে শিরোপার কাছে বার্সেলোনা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে আরো এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। প্রতিপক্ষ ওসাসুনার বিপক্ষে গত পরশু মাঠের পারফরম্যান্স যদিও ভালো ছিল না। তবুও আসল লক্ষ্য ঠিকই পূরণ হলো হ্যান্সি ফ্লিকের দলের। শেষ ১০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে ওসাসুনাকে ২-১ ব্যবধানে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে বড় এক ধাপ এগিয়ে গেল ন্যূ ক্যাম্পের দলটি। রবার্ট লেভানোদোভস্কির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ফেরান টরেস। স্বাগতিকদের হয়ে একটি মাত্র গোল পরিশোধ করেন রাউল গার্সিয়া। এই জয়ে ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সব কিছু ঠিক থাকলে গত রাতে এস্পানিওলের মাঠে নামার কথা লস ব্লাংকোসদের। এই ম্যাচে রিয়াল জিততে ব্যর্থ হলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। আর হার বা ড্র না হলে আগামী সপ্তাহে ঘরের মাঠে এল ক্লাসিকোয় হার এড়ালে ট্রফি জয় নিশ্চিত হয়ে যাবে কাতালান ক্লাবটির। এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেল আর্সেনাল। ভিক্টর ইয়োকেরেস দু’টি ও বুকায়ো সাকার গোলে ফুলহ্যামকে ৩-০ ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে গানাররা।