নবাবগঞ্জে আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

Printed Edition

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের নবাবগঞ্জে আকস্মিক ঝড়-বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ের সাথে ভারী বৃষ্টি শুরু হয়। এতে মাঠের বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে।

উপজেলার পলি এলাকাসহ কয়েকটি স্থানে আলু, ভুট্টা ও বিভিন্ন সবজির ক্ষেত পানিতে ডুবে যায়। অতিবর্ষণের ফলে মাঠ-ঘাটে পানি জমে আলু, ভুট্টা, রোপণ করা পেঁয়াজের চারা, পানের বরজ, মরিচ ও বেগুনের মতো ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা।

মাহমুদপুর ইউনিয়নের এক আলুচাষি বলেন, জমিতে বৃষ্টির পানি জমে থাকায় আলু ও সবজির চারার ব্যাপক ক্ষতি হয়েছে। দাউদপুর ইউনিয়নের পলি এলাকার এক কৃষক জানান, কয়েক বিঘা জমিতে আলু ও ভুট্টার চাষ করেছিলেন কিন্তু হঠাৎ বৃষ্টিতে অধিকাংশ ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

আরেক কৃষক বলেন, তার এক বিঘা জমির পেঁয়াজের চারা এখন পানির নিচে। এতে চারা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাদুমহার গ্রামের এক আলুচাষি জানান, পাঁচ বিঘা জমিতে আলুর আবাদ করেছিলেন, কিন্তু বৃষ্টির পানিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, চলতি মৌসুমে আলু, ভুট্টা ও শাকসবজির ভালো ফলনের আশা ছিল। তবে হঠাৎ ঝড়-বৃষ্টিতে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এলাকাটিতে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।