বিএনপির সমর্থকরা দাঁড়িপাল্লা ও শাপলা কলিতে ভোট দিতে মুখিয়ে আছেন : হাসনাত আব্দুল্লাহ

Printed Edition
bangla-2
বিএনপির সমর্থকরা দাঁড়িপাল্লা ও শাপলা কলিতে ভোট দিতে মুখিয়ে আছেন : হাসনাত আব্দুল্লাহ

যশোর অফিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির বহু কর্মী-সমর্থক এবার দাঁড়িপাল্লা ও শাপলা কলিতে ভোট দিতে মুখিয়ে আছেন। কারণ তারা জানেন, এবারের নির্বাচন কোনো গতানুগতিক ভোট নয়। এটি রাষ্ট্রকাঠামো মেরামতের ভোট, চাঁদাবাজমুক্ত দেশ গড়ার ভোট। এটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ভোট। কেউ কারচুপির চিন্তা করলে তাদের অতীতের পরিণতি থেকে শিক্ষা নেয়া উচিত। জুলাই আন্দোলনের যোদ্ধারা এখনো জাগ্রত- কোনো ষড়যন্ত্র তারা বরদাস্ত করবে না।

গতকাল শনিবার বেলা ১১টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ভিপি আব্দুল কাদেরের পক্ষে আয়োজিত পথসভায় হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির অনেক কর্মী-সমর্থক অপকর্মে জড়াতে চান না। প্রকাশ্যে দলীয় আনুগত্য দেখালেও ভেতরে ভেতরে তারা ন্যায় ও ইনসাফের পক্ষে। তাদের কাছে পৌঁছাতে হবে। তারা দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছেন। তিনি অভিযোগ করে বলেন, একটি পক্ষ সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত এবং দ্বিমুখী রাজনীতি করছে। এক দিকে এক কথা, অন্য দিকে ভিন্ন প্রচারণা- এটাই তাদের রাজনীতি। ১১ দলীয় ঐক্য ইনসাফের পক্ষে এবং বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রশাসনের ভূমিকা নিয়ে হাসনাত বলেন, পুরনো কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে। তাদেরকে জনগণের আস্থার প্রতীক হিসেবে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। অবৈধ অর্থ ও রাজনৈতিক গোলামি থেকে দূরে থাকার অনুরোধ করে তিনি বলেন, আপনারা কোনো দলের পুলিশ নন, আপনারা বাংলাদেশের পুলিশ।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং ফল ঘোষণা না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে। মনে রাখবেন, এটি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্তির নির্বাচন।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন, যশোরবাসী চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ চায়। জনগণের শক্তিতেই বিজয় নিশ্চিত হবে।