সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
ডাক যুগোপযোগী করতে কাজ চলছে : ডাকমন্ত্রী
ডাক বিভাগ কেবল একটি সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়; এটি আমাদের সমাজের একটি অন্যতম প্রাচীন এবং বিশ্বস্ত সামাজিক প্রতিষ্ঠানও বটে। ডাক বিভাগকে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করতে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। গত শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরের মহিষমারায় মন্ত্রীর নিজ বাসভবনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। সাক্ষাতের শুরুতে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ডাক বিভাগের মনোগ্রাম-সংবলিত একটি মানপত্র তুলে দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের সহসভাপতি ও টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন টাঙ্গাইল জেলা কমিটির দফতর সম্পাদক মো: ইউনুছ আলী, মধুপুর উপজেলা ডাক কর্মচারী ইউনিয়নের সদস্য জহিরুল ইসলাম ও রফিকুল ইসলাম প্রমুখ। ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা।
মেঘনায় দুই জেলে নিখোঁজ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের সন্ধান এখনো মেলেনি। গতকাল দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মণ্ডল। গত শনিবার বিকেলে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাটসংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) ও একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)। নৌকা থেকে জীবিত ফিরে আসা জেলে মামুন জানান, বিকেলে তারা চারজন মিলে নদীতে জাল তুলছিলেন। হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড বেগে কালবৈশাখী শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায় এবং চারজনই নদীতে ছিটকে পড়েন। বরিশাল ব্যুরো।
নিজের গলা কেটে আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৃদ্ধ মা-বাবার সামনেই ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন এমারুল (২৫) নামে এক যুবক। গত শনিবার বিকেলে উপজেলার ভুরভুরিয়া গ্রামের চর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত এমারুল ভুরভুরিয়া গ্রামের আরফাত মিয়ার ছেলে। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের তিন বোনের একমাত্র ভাই ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় এমারুল নিজ বাড়িতে মা-বাবার সামনেই ব্লেড দিয়ে নিজের গলা কেটে ফেলেন। গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নিহতের বোন বকুল জানান, এমারুল তাদের একমাত্র ভাই ছিলেন এবং বাবার সাথে কৃষিকাজ করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগের স্থানীয় নেতা জারজিদ মোল্লাকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে খড়রিয়া নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জারজিদ পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে দুদকের তিনটি এবং নাশকতার দু’টি মামলা রয়েছে। নড়াইল প্রতিনিধি।
সাংবাদিকের নামে মামলা প্রতাহারের দাবি
রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি ও দৈনিক দিনকাল-এর রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেকের সাথে কাস্টম কমিশনারের অসৌজন্যমূলক আচরণ এবং মিঠাপুকুর প্রেস ক্লাবের দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। গতকাল মিঠাপুকুর প্রেস ক্লাব চত্বরে মিঠাপুকুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিঠাপুকুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মণ্ডল ও ধর্মবিষয়ক সম্পাদক সুলতান মারজানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে অনতিবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি শেখ শাদী সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান রিপুল-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকারকর্মী শেখ রেজওয়ান। পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো: মাজহারুল ইসলাম মিলন, রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মিলন ও সদস্য মো: আবু রায়হান, মিঠাপুকুর প্রেস ক্লাবের সহসভাপতি মো: হাফিজুর রহমান ও প্রদীপ কুমার গোস্বামী, মিঠাপুকুর মানবাধিকার কমিশনের সভাপতি আশিকুর রহমান এবং সাংবাদিক শিল্পী আক্তার। মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা।
বরগুনায় ৫ মাদককারবারি গ্রেফতার
বরগুনা জেলার পাথরঘাটা, বামনা ও বেতাগী এ তিনটি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরাফাত রহমান অভিকে ৫১০ পিস, বেতাগী উপজেলার সরকারি কলেজের সামনে থেকে মামুনকে ১০০ পিস ও বামনা উপজেলার ডৌয়াতলা থেকে মো: ইয়াছিন মৃধা (২৮), মো: আবু সালেহ মুন্সিকে (২৮) পিতা মৃত আ: লতিফ মুন্সিকে ৪২ পিস ইয়াবা ও ডানিয়াল খান ওরফে রাসেল খানকে (৪৮) আট পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে থানা পুলিশ। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সময় পাথরঘাটা থানা পুলিশ পৌরসভায় ১ নম্বর ওয়ার্ড ইমান আলী সড়কের বাসিন্দা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব আরাফাত রহমান ওরফে অভি (২৮)-এর বাড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির ১০ হাজার টাকাসহ গ্রেফতার করে থানা পুলিশ। বরগুনা প্রতিনিধি।
প্রবাসীকে হত্যা : স্ত্রী-সন্তান গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসী আলমগীর হোসেন (৪০) হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে স্ত্রী-সন্তানকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। আসামিরা হলেন- রহিমা বেগম (৩৫), রবিউল হাসান রাকিব (১৮)। উত্তর পদুয়া কামারটিলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া কামারটিলা এলাকায় গত ২৮ মে গভীর রাতে প্রবাসী আলমগীর হোসেন নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তত্ত্বাবধানে একটি চৌকস টিম তদন্তে নামে। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা।
পানছড়িতে জামায়াত নেতার ওপর হামলা
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: জাকির হোসেন ও উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি মো: মজনু মিয়ার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গতকাল দুপুর পানছড়ি বাজারের মুক্তিযোদ্ধা স্কয়ারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা দীর্ঘসময় ধরে ঘটনা স্থলে লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে ঘুরাঘুরি করতে দেখা যায় এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসার সাথে সাথে আক্রমণ করে পালিয়ে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মো: জাকির হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মো: আল-আমিনের সাথে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি হয় এবং বাজারে কিভাবে আসে তা দেখে নেয়ার হুমকি দেয়। দুপুরে বাড়ি ফেরার সময় মুক্তিযোদ্ধা স্কয়ারে আল-আমিনের অনুসারী উজ্জ্বল ও আশরাফুলসহ ১০-১২ জন অতর্কিত হামলা চালায়। আহত মজনু মিয়া জানায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্রিজপাড় এলাকায় একই ব্যক্তিরা অতর্কিত হামলা চালায়। উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মো: আল-আমিন জানায়, সকালে আমার সাথে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি হয় এবং আমি তারাবন ছড়া কাজের সাইটে চলে আসি। তবে হামলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা।