দ্রুত চালু হবে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: জাহিদ রায়হান। গত শুক্রবার বিকেলে মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

পরিদর্শনকালে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। এ সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, হাসপাতালের উপপরিচালক ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দ্রুত হাসপাতালটি চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। এডিজি জাহিদ রায়হান বলেন, কুষ্টিয়াবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিক। তবে পূর্ণাঙ্গ চালুর পথে চারটি বড় চ্যালেঞ্জ রয়েছে, জনবল সঙ্কট, চিকিৎসকের স্বল্পতা, সাপোর্টিং স্টাফের অভাব এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি গ্রহণ প্রক্রিয়া।

তিনি জানান, হাসপাতালের প্রয়োজনীয় মালামাল গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তা সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। এর পর দ্রুতই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে সেবার জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

উল্লেখ্য, হাসপাতালটি চালু হলে এ অঞ্চলের কয়েক লাখ মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে, যা দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার সঙ্কট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।