১০ জনের ফ্রান্সের বিপক্ষে হার ব্রাজিলের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ফিফা আন্তর্জাতিক বিরতিতে ‘রোড টু ২৬’ শিরোনামে সিরিজে বিশ্বকাপের আগে গত পরশু প্রীতিম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। আসন্ন বিশ্বকাপে শিরোপা জয়ে অন্যতম ফেবারিট সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন দল। সাবেক দুই চ্যাম্পিয়ন দলের লড়াই বলেই ফুটবলভক্তদের চোখ ছিল এই ম্যাচে। যুক্তরাষ্ট্রের ম্যাচাচুসেটসের সেই ম্যাচে ১০ জনের দল নিয়েও দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২-১ ব্যবধানে হারিয়েছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। প্রায় ১৫ বছর পর ব্রাজিলের বিজক্ষে ফ্রান্সের জয়।
ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে নি®প্রভ ফুটবল খেলার পর দ্বিতীয়ার্ধে জেগে উঠলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় ভুগতে হলো কার্লো অ্যানচেলোত্তির শীর্ষদের। তবে পুরো ম্যাচে বল দখলে বেশ এগিয়ে ছিল ফ্রান্স। আক্রমণও বেশি করছিল গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা। ফলশ্রুতিতে কিলিয়ান এমবাপ্পে ও উগো একিতিকের চমৎকার ফিনিশিংয়ে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ল ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে ২৭ মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতে সুযোগ পান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ডি বক্সের বাইরে থেকে তরুণ আর্সেনাল ফরোয়ার্ডের বাঁকানো শট যায় দূরের পোস্ট ঘেঁষে।
৩২ মিনিটে এবার সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ফ্রান্স। মাঝ মাঠে চুয়ামেনি বল কেড়ে নিলে পেয়ে যান উসমান দেম্বেলে। তার দুর্দান্ত এক থ্রু বল ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে বল জালে পাঠিয়ে ২০২২ রানার্সআপদের ১-০তে এগিয়ে দেন এমবাপ্পে।
ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের এটি ৫৬তম গোল। ৫৭ গোল নিয়ে চূড়ায় তার এক সময়ের সতীর্থ অলিভার জিরুড। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলে দারুণ শুরু করে ব্রাজিল। তবে প্রথম পাঁচ মিনিটে বেশ কয়েকটি সুযোগ পেয়ে একটিও কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের প্রবল আক্রমণের মধ্যেই ৫৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স। রক্ষণ সামলাতে গিয়ে ডিফেন্ডার ওয়েসলি ফ্রাঙ্কাকে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি খেলোয়াড় ডাউত উপামেকানো। প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরে ফাউলের রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জন হয়ে যাওয়া ফ্রান্সের বিপক্ষে সুযোগটা নিতে পারেনি ব্রাজিল। উল্টো ১০ মিনিট পর একিতিকের নৈপুণ্যে স্কোরলাইন ২-০ করে ফেলে ফ্রান্স। মাইকেল ওলিসের চমৎকার থ্রু বল ধরে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ২৩ বছর বয়সী লিভারপুলের এই ফরোয়ার্ড।
ব্রাজিলের হয়ে ম্যাচের ৭৮ মিনিটে ব্যবধান কমান গ্লিসন ব্রেমার। সতীর্থের ফ্রি কিক বাইলাইন থেকে কাটব্যাক করেন ক্যাসেমিরো। বল পেয়েই গোলের জন্য শট নেন লুইস হেনরিক। বাকি সময়ে ফ্রান্সের রক্ষণে প্রবল চাপ তৈরি করলেও সমতা ফেরাতে পারেনি ব্রাজিল। ‘রোড টু ২৬’ শিরোনামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে খেলবে ফ্রান্স। আর মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
ফিফা প্রীতিম্যাচে গতকাল কুরাসাওয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে চীন। নিউজিল্যান্ডকে ২-০তে হারিয়েছে ফিনল্যান্ড। সলোমান আইল্যান্ডকে রীতিমতো ১০-২ গোলে বিধ্বস্ত করে ছেড়েছে বুলগেরিয়া। ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।