তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার ফিরে পেয়েছে জনগণ : আমান উল্লাহ আমান
Printed Edition
ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার ফিরে পেয়েছে জনগণ। অতীতের ফ্যাসিবাদী শাসনে বিভিন্ন খাতে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তা দূর করতে এখন সম্মিলিতভাবে কাজ করছে মানুষ।
গতকাল কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হযরতপুর ২০ শয্যা হাসপাতালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচি উল্লেখযোগ্য।
তিনি আরো জানান, শিগগিরই বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে, যার মাধ্যমে সার ও প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে প্রদান করা হবে।
ডাকসু সাবেক ভিপি আমান উল্লাহ বলেন, রাতারাতি সবকিছু সম্ভব নয়, তবে সাধারণ মানুষ যেন প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি হাসপাতালগুলোর সেবা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উমর ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আব্দুল মোকাদ্দেস, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ স্থানীয় নেতারা।
পরে তিনি একই দিনে সাভারের আমিনবাজারে দীর্ঘ ১৭ বছর ধরে অচল থাকা ২০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল আগামী সাত দিনের মধ্যে চালু করার নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।