জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

সেরা সিনেমা ‘সাঁতাও’

Printed Edition
bino-3
সেরা সিনেমা ‘সাঁতাও’

বিনোদন প্রতিবেদক

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত তালিকা। ২৯ জানুয়ারি রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৮টি বিভাগে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। এবারের আসরে বাজিমাত করেছে প্রান্তিক জনপদের গল্পে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। সেরা চলচ্চিত্রের পাশাপাশি এই ছবির জন্য সেরা নির্মাতার মুকুট জিতেছেন খন্দকার সুমন। নির্বাচনকালীন অনিশ্চয়তা কাটিয়ে প্রকাশিত এই তালিকায় দেখা গেছে, বাণিজ্যিক ধারার সিনেমার ভিড়ে শৈল্পিক ও জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র ‘সাঁতাও’ মোট চারটি বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে। সিনেমার প্রধান চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল এবং সেরা শব্দগ্রাহক হিসেবে নির্বাচিত হয়েছেন সুজন মাহমুদ। অন্যদিকে, জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার গৌরব অর্জন করেছেন। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি এবার আসরের সর্বোচ্চ সংখ্যক পুরস্কার নিজের ঝুলিতে পুরেছে। সেরা অভিনেতা ছাড়াও পার্শ্ব অভিনেতা (মনির আহম্মেদ শাকিল), কৌতুক চরিত্র (শহীদুজ্জামান সেলিম), গায়িকা (অবন্তী সিঁথি), শিল্প নির্দেশক (শহীদুল ইসলাম), চিত্রগ্রাহক (সুমন কুমার সরকার), সংলাপ রচয়িতা (রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা) এবং পোশাক ও সাজসজ্জা (বীথি আফরীন)-সব মিলিয়ে মোট আটটি বিভাগে পুরস্কার জিতেছে ‘সুড়ঙ্গ’। এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন দুই প্রয়াত গুণী ব্যক্তিত্ব বিখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা আবদুল লতিফ বাচ্চু।

সঙ্গীত বিভাগে আধিপত্য দেখিয়েছে ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’। ‘ঈশ্বর’ গানের জন্য প্রিন্স মাহমুদ সেরা সুরকার এবং সোমেশ্বর অলি সেরা গীতিকার নির্বাচিত হয়েছেন। সেরা গায়ক হিসেবে বালাম এবং সেরা মেকআপম্যান হিসেবে সবুজও এই সিনেমার জন্য পুরস্কার পাচ্ছেন। পুরস্কারপ্রাপ্ত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ (সেরা খল অভিনেতা আশীষ খন্দকার ও সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী), ‘ওরা সাত জন’ (পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ), ‘আম কাঁঠালের ছুটি’ (শিশুশিল্পী মো: লিয়ন), ‘রক্তজবা’ (চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা) এবং ‘লাল শাড়ি’ (নৃত্য পরিচালক হাবিবুর রহমান)।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে চৈত্রালী সমদ্দারের ‘মরিয়ম’ এবং প্রামাণ্যচিত্র বিভাগে এলিজা বিনতে এলাহীর ‘লীলাবতী নাগ : দ্য রেবেল’ শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে। প্রতি বছরের মতো এবারো এই স্বীকৃতিগুলো ঢালিউডের সৃজনশীল কর্মকাণ্ডে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।