ইউরোপের ‘ইসরাইলিকরণের’ বিরুদ্ধে জাতিসঙ্ঘ দূতের হুঁশিয়ারি
Printed Edition
টিআরটি ওয়ার্ল্ড
জাতিসঙ্ঘের ফিলিস্তিন-বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ ইউরোপের বিভিন্ন দেশের ‘ইসরাইলিকরণের’ বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। শনিবার গ্রিসের রাজধানী এথেন্সে ফিলিস্তিনিদের দুর্ভোগ ও প্রতিরোধের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আলবানিজ অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন ও আদালতের নির্দেশনা লঙ্ঘন সত্ত্বেও ইউরোপীয় রাষ্ট্রগুলো ইসরাইলের সাথে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে নিজেদের সমাজ ব্যবস্থাকে কলুষিত করছে।
বক্তব্য প্রদানকালে আলবানিজ উল্লেখ করেন, বিশ্বের দু’টি বৃহত্তম আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ আনা হয়েছে। আইসিজের একটি রায়ের বরাত দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব যতক্ষণ না সম্পূর্ণ ও নিঃশর্তভাবে শেষ হচ্ছে, ততক্ষণ জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলোর উচিত হবে না ইসরাইলকে কোনোভাবে সাহায্য বা সহায়তা করা।
জাতিসঙ্ঘের এই বিশেষ দূত ক্ষোভ প্রকাশ করে জানান, ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে ইউরোপীয় রাষ্ট্রগুলো আত্মরক্ষার অজুহাতে অস্ত্রসজ্জিত হওয়া এবং অস্ত্র বিক্রির জন্য দেশটির সাথে বাণিজ্য অব্যাহত রেখেছে।