সিলেট থেকে হজ ফ্লাইট শুরু
নেটওয়ার্ক বাড়াতে ১৪টি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী
Printed Edition
সিলেট ব্যুরো
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) রাতে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ বিমানের নেটওয়ার্ক আরো বাড়াতে সরকার ইতোমধ্যে বোয়িং থেকে ১৪টি নতুন এয়ারক্রাফট কিনেছে। জাতীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানটিকে কেবল লাভজনক করাই আমাদের লক্ষ্য নয়; বরং বিশ্ব দরবারে এটিকে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল উদ্দেশ্য। অদূর ভবিষ্যতে বহরে আরো বেশ কিছু উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, রোববার রাত ১০টায় সিলেট থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে মদিনার উদ্দেশে প্রথম হজ ফ্লাইটটি ছেড়ে যায়। চলতি মৌসুমে সিলেট থেকে মোট সাতটি ডেডিকেটেড ফ্লাইটে ৩,৩৯৪ যাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে একটি ফ্লাইট মদিনায় এবং বাকি ছয়টি জেদ্দায় অবতরণ করবে। মোট যাত্রীদের মধ্যে ২,৯৩৩ জন সরাসরি সিলেট থেকে যাবেন এবং অবশিষ্ট ৪৬১ জন যাত্রী ঢাকা হয়ে যাত্রা করবেন।
বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ব্যবস্থাপক মো: শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মোহাম¥দ এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ। বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলার ট্রাফিক অফিসার জাকির হোসেন সুমনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্টেশন ম্যানেজার সাকিল আহমদ। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।