রেকর্ড দামে বিক্রি ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ নিলামে বিক্রি হয়েছে চার লাখ ঊনাশি হাজার সাতশ’ অস্ট্রেলিয়ান ডলারে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ কোটি টাকার বেশি ।
সিডনিতে এই নিলামের আয়োজন করে খ্যাতনামা নিলাম প্রতিষ্ঠান বনহামস। ক্যাপটি ব্র্যাডম্যান পরেছিলেন ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে, যে সিরিজে তিনি নিজের ১০০তম প্রথম শ্রেণীর শতক পূর্ণ করেন।
নিলাম প্রতিষ্ঠানটির বর্ণনা অনুযায়ী, ‘ক্যাপটি ছিল রোদে বিবর্ণ ও ব্যবহারে ক্ষয়প্রাপ্ত’, এতে কিছু জায়গায় পোকায় খাওয়ার চিহ্ন রয়েছে এবং পিকের কিনারায় আংশিক ক্ষতিও দেখা যায়। নিলামে ক্যাপটির ভিত্তি মূল্য নির্ধারিত হয় তিন লাখ ৯০ হাজার অস্ট্রেলিয়ান ডলার।
২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যাওয়া অজি খেলোয়াড়কে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার হিসেবে গণ্য করা হয়। ৫২টি টেস্ট ম্যাচের ক্যারিয়ারে তার ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪। ভারতের বিপক্ষে ১৯৪৭-৪৮ সিরিজটি ছিল ঘরের মাঠে ব্র্যাডম্যানের শেষ টেস্ট সিরিজ। সেই সিরিজে ছয় ইনিংসে ১৭৮.৭৫ গড়ে ৭১৫ রান করেন তিনি। তিনটি শতক ও একটি ডাবল সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া সিরিজটি জেতে ৪-০ ব্যবধানে। উল্লেখ্য, এটি ছিল স্বাধীন দেশ হিসেবে ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সফর। ২০১০ সাল থেকে ব্র্যাডম্যানের নিজ শহর বোওরালের ‘ব্র্যাডম্যান মিউজিয়ামে’ ক্যাপটি ধার হিসেবে প্রদর্শিত ছিল। ভারতের সেই সফরের পর ব্র্যাডম্যান ক্যাপটি উপহার দেন ভারতীয় দলের ট্যুর ম্যানেজার পঙ্কজ গুপ্তাকে। পরে এটি ভারতীয় দলের উইকেটকিপার পি কে সেনের হাতে আসে। নিলাম প্রতিষ্ঠান বনহামস জানায়, ক্যাপটির বর্তমান মালিক এটি ২০০৩ সালে ক্রয় করেছিলেন।