মালিকের জরিমানার পরও নামাজ পড়ে মালয়েশিয়ায় প্রশংসিত বাংলাদেশী

আশরাফুল মামুন, মালয়েশিয়া
Printed Edition
back-5
মালিকের জরিমানার পরও নামাজ পড়ে মালয়েশিয়ায় প্রশংসিত বাংলাদেশী

মালয়েশিয়ার শাহ আলম রাজ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন বাংলাদেশী শ্রমিক তার নিয়োগকর্তার কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আলাদা করে সময় নিতে বদ্ধপরিকর। এমন কি ডিউটি চলার সময় নামাজ পড়ার দায়ে তার মালিক বেতন কেটে নেয়ার পরও ওই বাংলাদেশী শ্রমিক নামাজ ছাড়েননি। মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন তিনি।

দেশটির জাতীয় দৈনিক পত্রিকা সিনার হারিয়ান এ বিষয়ে ওই বাংলাদেশী শ্রমিকের প্রশংসা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। মিস্টার জারিফ সাউথপা নামে এক সোশ্যাল অ্যাক্টিভিস্ট তার সোশ্যাল মিডিয়া থ্রেডে এটি শেয়ার করে মালয়েশিয়ানদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং যুবকটিকে ‘বাংলাদেশের লালসবুজ জাতীয় পতাকার ধারক’ হিসেবে বর্ণনা করেছেন। তবে অনিবার্য কারণে বাংলাদেশী শ্রমিক ও তার মালিকের নাম ঠিকানা ও অন্যান্য বিষয় বিস্তারিত প্রকাশ করেনি।

জারিফ আরো বলেন, এই বাংলাদেশী ব্যক্তি সুরাউ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্ত মিস করেননি, এমনকি বিশ্বস্ততার সাথে ফরজ ও সুনাত নামাজও পালন করেছেন। ওই বাংলাদেশী শ্রমিক ভিডিওতে বলেছিল যে, তার নিয়োগকর্তা শুক্রবারের নামাজে গেলে তার বেতন থেকে ৭০ রিঙ্গিত কেটে নেয়। তার মূল বেতনের ৮০ শতাংশ তার পরিবারকে ভরণপোষণের জন্য পাঠাতে হয়, বাকি টাকা এখানে মালয়েশিয়ায় বসবাসের জন্য ব্যবহার করা হয়।

তিনি বলেন, এই দুনিয়া প্রধান লক্ষ্য নয়, পরকাল আরো গুরুত্বপূর্ণ, এই পৃথিবীতে তিনি কেবল একজন সাধারণ মানুষ, পরকাল হবে আল্লাহর ইচ্ছায়, তার মর্যাদা অসাধারণ হবে।