যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
Printed Edition
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ঈদ যাত্রা শুরু হওয়ার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ২৭ লাখ ৫১ হাজার টাকা। গত রোববার দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার রাত ১২টা থেকে গত শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে ঢাকাগামী ১২ হাজার ৫৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ১৬ লাখ ৪০ হাজার ৪০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ১১ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় এক কোটি ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায় করছে।