জোটের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন
Printed Edition
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮ দলীয় জোটের পক্ষ থেকে শাহ আকরাম আলীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইসলামী ঐক্যের স্বার্থে জোটের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন।
সোমবার সকাল ১০ ঘটিকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মাওলানা সোহরাব হোসেন। পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। ইসলামী ঐক্যের স্বার্থে ফরিদপুর-২ আসনে জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলী হুজুরকে এমপি প্রার্থী ঘোষণা করায় আমি হুজুরকে পূর্ণ সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। তার এ ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য জোরদার করতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ দিকে ৮ দলীয় জোটের নেতারা জোট মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানো জোটের প্রার্থীর অবস্থানকে আরো শক্তিশালী করবে এবং নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করবে।