চট্টগ্রামে প্রশাসনের অভিযান
৩০টি ড্রামে মজুদ রাখা ছিল ৬ হাজার লিটার ডিজেল
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের পতেঙ্গায় ৩০টি ড্রামে অবৈধভাবে মজুদ করে রাখা হয় প্রায় ছয় হাজার লিটার ডিজেল। গতকাল শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পতেঙ্গা কমিশনার ঘাটায় জেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে এসব ডিজেল উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ৩টি ডিজেল লোডিং-আনলোডিং পাম্পও উদ্ধার করা হয়।
সূত্র জানিয়েছে, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার ওই অভিযানটি পরিচালনা করেন। অভিযানে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ছয় হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পুলিশের সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন। তবে অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে কোনো অবৈধ মজুদদারকে পাওয়া যায়নি।
উদ্ধারকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ হতে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল অপসারণ করে তা বিভিন্ন স্থানীয় বিক্রেতার কাছে সরবরাহ করে থাকে।
জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে সব তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা প্রশাসনের কঠোর নজরদারির আওতায় রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ হতে জানানো হয়েছে।