‘মোহামেডানকে শক্তিশালী অবস্থানে নিতে চাই’

Printed Edition

রফিকুল হায়দার ফরহাদ

নির্বাচনের আগে বিপরীত মুখী অবস্থান ছিল মোহামেডান কর্মকর্তাদের মধ্যে। তবে নির্বাচন শেষে এখন সবার মধ্যেই ঐক্যের সুর। একই পরিবার হয়ে ক্লাব পরিচালনার তাগাদা। আবার ক্লাবকে দেশ সেরা ক্লাবে পরিণত করতে চান। যাতে মোহামেডান মানেই সব ডিসিপ্লিনেই শিরোপার উৎসব হতে পারে। আর এই কাজ সম্পাদনে পরিচালক ক্রীড়ার দায়িত্ব দেয়া হয়েছে মোস্তাকুর রহমানকে। গতকাল ক্লাব ভবনে এই ক্রীড়া সংগঠক জানান, ক্রীড়াঙ্গনে মোহামেডানকে আবার শক্তিশালী অবস্থানে নিতে চাই। সে লক্ষ্যেই কাজ করছি। অতীতে যারা দায়িত্বে ছিলেন তারা চেষ্টা করেছেন। তাদেরকে ধন্যবাদ জানাই।

মোহামেডান ক্লাব বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন। তবে এবার দলটির অবস্থা বেশ খারাপ। আছে ষষ্ঠ স্থানে। এবার শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ। এখন আগামীর প্রস্তুতি। মোস্তাকুর রহমান জানান, মোহামেডান নিজেই একটা শক্তি। যারা এই ক্লাবকে সমর্থন করেন তারা প্রাণ থেকেই এই ক্লাবকে ভালো বাসেন। তাই আমরা আগামীতে ফুটবলে আরো শক্তিশালী দল গড়তে চাই। হাসি ফোটাতে চাই দর্শকদের মুখে।

অতীতে মোহামেডানের কর্মকর্তাদের মধ্যে মনোমালিন্য ছিল। এবার অবশ্য দুইপক্ষ মিলে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করেছে। তবে শেষ পর্যন্ত কি এই ঐক্য থাকবে। মোস্তাকের জবাব, আমরা একটি পরিবার হয়েই থাকতে চাই। কাজও করব ঐক্যবদ্ধভাবে। মনে রাখবেন একটি পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। মতপার্থক্য থাকতেই পারে। এতে কিন্তু কাজে গতি আসে- একটা প্রতিযোগিতা থাকে।

ফুটবলে মোহামেডান ফেডারেশন কাপ জিতেছে। এরপর প্রথমবারে মতো পেশাদার লিগের শিরোপা। তবে এই লিগ শিরোপা অর্জনের পরও এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে পারেনি লাইসেন্স না থাকায়। তবে আগামীতে এই লাইসেন্স প্রাপ্তিসহ খেলার জন্য যা যা করা দরকার সব কিছু করার ঘোষণা মোহামেডানের ডিরেক্টর স্পোর্টসের। জানান, আমরা ফুটবলের পাশাপাশি ক্রিকেট ও হকিতেও যেন চ্যাম্পিয়ন হতে পারি সে লক্ষ্যে কাজ করব। প্রতি বিভাগেই শক্তিশালী সাব কমিটি হয়েছে। এই কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হবে। মাঠ সঙ্কট এবং আর্থিক দুরবস্থা ক্লাবকে ভোগাচ্ছে। আমরা মাঠ সঙ্কটের সমাধান এবং আর্থিকভাবে বলীয়ান হতেও কাজ শুরু করেছি। এরইমধ্যে ফুটবলারদের বকেয়া দেয়া শুরু হয়েছে।

বাংলাদেশের নারী ফুটবল লিগের শুরুর দিকে শক্তিশালী অবস্থানে ছিল মোহামেডান। তবে এরপর আর নারী ফুটবলে কোনো আগ্রহ দেখায়নি ক্লাবটি। নারী ফুটবল দল গঠন বিষয়ে মোস্তাক জানান, আমরা এটি বোর্ড মিটিংয়ে তুলব। আমাদের নারী কমিটি আছে। অবশ্যই চেষ্টা থাকবে নারী ফুটবল দল গঠনের। সে সাথে আগে কেন এই দল গঠন করা হয়নি সে কারণও জানার চেষ্টা করব।