ন্যাটো নিয়ে হতাশ, ট্রাম্পের হুঁশিয়ারি
Printed Edition
এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হরমুজ প্রণালী সুরক্ষায় ন্যাটো মিত্রদের অনীহা নিয়ে আবারো হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে অনুরোধ করা হলেও যুক্তরাষ্ট্র হয়তো ন্যাটোর পাশে নাও থাকতে পারে।
মিয়ামির একটি বিনিয়োগ ফোরামে ট্রাম্প বলেন, “আমরা প্রতি বছর ন্যাটোর জন্য শত শত বিলিয়ন ডলার খরচ করি, তাদের রক্ষা করি এবং সব সময় পাশে থাকি। কিন্তু এখন মনে হচ্ছে আমাদের থাকার দরকার নেই।” তিনি আরো বলেন, “তারা যদি আমাদের পাশে না থাকে, তাহলে আমরা কেন তাদের পাশে থাকব?”
এক মাস আগে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি অভিযান শুরু হওয়ার পর থেকে ট্রাম্প পশ্চিমা মিত্রদের সমর্থনের অভাব এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করতে বাহিনী পাঠাতে অনীহা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন। হরমুজ প্রণালী উপসাগরীয় তেল ও গ্যাস রফতানির জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। ইরানের হামলার ঝুঁকিতে এই পথ কার্যত স্থবির হয়ে পড়েছে, ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে।
ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও জাপানসহ কয়েকটি দেশ জানিয়েছে তারা ‘উপযুক্ত উদ্যোগে অবদান রাখতে’ প্রস্তুত, তবে এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি। ট্রাম্প ন্যাটোকে সবচেয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন। গত সপ্তাহে তিনি সদস্য দেশগুলোকে ‘কাপুরুষ’ বলে অভিহিত করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো কেবল ‘কাগুজে বাঘ’। গত বৃহস্পতিবার তিনি তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, যুক্তরাষ্ট্রের ন্যাটোর কাছ থেকে কিছুই প্রয়োজন নেই। তিনি অভিযোগ করেন, ন্যাটো দেশগুলো ইরানের বিরুদ্ধে সামরিকভাবে বিন্দুমাত্র সাহায্য করেনি।