লক্ষ্মীপুর-৪ আসন উদ্ধারের লড়াইয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াত

Printed Edition

মিজানুর রহমান মানিক কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ভোটারদের আলোচনায় ঘুরে ফিরে একটি প্রশ্ন; বিএনপি কি পারবে তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে, নাকি জামায়াতে ইসলামী দেখাবে চমক।

আসনটি এক সময় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপি জয় পেলেও পরবর্তী সময়ে রাজনৈতিক বাস্তবতায় আসনটি হাতছাড়া হয়। এবারের নির্বাচনে সেই ‘দুর্গ’ উদ্ধারে মরিয়া বিএনপি। দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন নিজান ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এলাকায় তার দীর্ঘ দিনের রাজনৈতিক সক্রিয়তা ও ব্যক্তিগত জনপ্রিয়তাই বিএনপির মূল ভরসা। স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল ও গণঅধিকার পরিষদের প্রার্থী রেদোয়ান উল্লাহ খান নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষকে সমর্থন দেয়ায় বিএনপি বাড়তি সুবিধায় আছে বলে মনে করছেন অনেকে।

অন্য দিকে এবার লক্ষ্মীপুর-৪ আসনে সবচেয়ে আলোচিত শক্তি জামায়াতে ইসলামী। অতীতে জোটগত রাজনীতিতে সীমাবদ্ধ থাকলেও এবার স্বতন্ত্র শক্তি নিয়ে মাঠে নেমেছে দলটি। জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা এ আর হাফিজ উল্লাহকে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তুলে ধরছে জামায়াত। সংগঠিত কর্মীবাহিনী, তরুণ ও নবীন ভোটারদের সমর্থনের ওপর ভর করে তারা আশাবাদী।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ (হাতপাখা) ও জেএসডির তানিয়া রব (তারা) মাঠে থাকলেও মূল লড়াইটি এখন বিএনপি ও জামায়াতের মধ্যেই সীমাবদ্ধ। স্থানীয় ভোটারদের মতে, এবারের নির্বাচন দুই দলের কাছেই অস্তিত্ব ও শক্তি প্রমাণের পরীক্ষা।